বাড়ি পৌঁছানোর আগেই প্রবাসীর গাড়ি ভাঙচুর, অর্ধ কোটি টাকার মালামাল লুট

বাড়ি পৌঁছানোর আগেই প্রবাসীর গাড়ি ভাঙচুর, অর্ধ কোটি টাকার মালামাল লুট
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

সুদূর আমেরিকা থেকে জন্মভূমিতে ফিরে বাড়ি পৌঁছার আগেই সর্বস্ব খুইয়েছেন জাহাঙ্গীর আলম মিলন (৪৫) নামে এক প্রবাসী। ছিনতাইকারীরা তার মালামাল বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করে ডলার, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৯শে ফেব্রুয়ারি, বুধবার ভোরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে ঘটনাটি ঘটে।

প্রবাসী মিলন জানান, ১৮ই ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে তিনি আমেরিকা থেকে ঢাকায় পৌঁছেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের রামগতি (কমলনগর) উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। একটি গাড়িতে তিনি ছিলেন, তার সাথে আনা মালামাল ও পরিবারের সদস্যরা ছিলেন অপর গাড়িতে।

তবে হাজীগঞ্জ উপজেলার মডেল মসজিদের সামনে আসতেই একটি পিকআপে করে আসা ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হায়েস গাড়িটি ভাঙচুর করে এবং যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, ডলার, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

মিলন জানান, “আমরা গাড়িতে ছিলাম, আমাদের সঙ্গে থাকা মালামাল ও টাকা নিয়ে গেছে। এভাবে দেশে ফিরে এমন ঘটনার শিকার হবো ভাবতেই পারিনি।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত করছি। পরিবারের লোকজন বিকেলে থানায় আসবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Visited 176 times, 1 visit(s) today