সংবাদ প্রতিবেদন
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিতের ফলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) থেকে এক হাজারের বেশি কর্মকর্তা ও কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত বুধবার থেকে পর্যায়ক্রমে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হচ্ছে। মূলত, এসব কর্মী যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে কর্মরত ছিলেন, যার মধ্যে ইউএসএআইডির অর্থায়নও অন্তর্ভুক্ত।
আইসিডিডিআর,বির কমিউনিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুসারে, তাদের অর্থায়নে পরিচালিত গবেষণা ও প্রকল্পগুলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের সেবাগ্রহীতা, অংশীদার এবং সহকর্মীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আশাবাদী যে শিগগিরই কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।”
এ পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থায়ন নীতির পরিবর্তন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেন, যা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএআইডি ও অন্যান্য বৈশ্বিক কর্মসূচির তহবিলকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন একটি নতুন মানদণ্ড তৈরি করবে, যার মাধ্যমে পর্যালোচনা করা হবে যে বিদেশি সহায়তা তার পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। এরপর সহায়তা কর্মসূচিগুলো চালিয়ে যাওয়া, সংশোধন করা বা পুরোপুরি বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
