লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত: তদন্তে একাধিক কারণ ও সন্দেহভাজন গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত: তদন্তে একাধিক কারণ ও সন্দেহভাজন গ্রেফতার
শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেস এলাকায় দ্রুতগতির দাবানল বিপুল ক্ষয়ক্ষতি চলমান। তদন্তকারীরা নিরলসভাবে কাজ করছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক কারণ বের করতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে কয়েক হাজার একর জমি পুড়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের মুখপাত্র নিকোল নিশিদা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির কারণে ১,৩০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

কীভাবে শুরু হলো এই দাবানল?

দাবানলের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে, “কেনেথ ফায়ার” নামে পরিচিত দাবানলটি ইচ্ছাকৃতভাবে লাগানোর সন্দেহে তদন্ত চলছে এবং একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

কেনেথ ফায়ার, যা ক্যালাবাসাস ও হিডেন হিলসের আশপাশের বাড়িঘরকে হুমকির মুখে ফেলেছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে চলমান পাঁচটি বড় দাবানলের মধ্যে একটি।
তদন্তকারীদের ধারণা, এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এলাকাবাসীর সহায়তায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সিনিয়র অফিসার শন ডিনসে জানিয়েছেন, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেছেন, যদি এটি প্রমাণিত হয় যে দাবানলটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে, তবে সন্দেহভাজনের শাস্তি হত্যার অভিযোগের সমান হতে পারে এবং এটি কারাবাসের আজীবন দণ্ডে গড়াতে পারে। তিনি বলেছেন, “ন্যায়বিচার দ্রুত ও কঠোর হবে, এবং সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে।”

অন্যান্য দাবানলগুলোর কারণ এখনও অজানা
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সবগুলো ঘটনা নিয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, অনলাইনে গুজব ছড়িয়েছে যে হলিউড হিলসে ঘটে যাওয়া “সানসেট ফায়ার”-এর পেছনেও অগ্নিসংযোগ থাকতে পারে। এমনকি ইলন মাস্কও এ বিষয়ে মন্তব্য করেছেন। তবে কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি।

স্টুয়ার্ট বলেন, “আগুনের কারণ যা-ই হোক, তা তদন্ত করা হবে। এটি ইচ্ছাকৃত কিনা, তা আমাদের নির্ধারণ করতে হবে।”

দ্রুত দাবানল ছড়ানোর কারণ
দাবানলের এত দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে জলবায়ু পরিস্থিতি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সান্তা আনা বাতাস এবং দীর্ঘমেয়াদী খরার কারণে দাবানলগুলো মারাত্মক রূপ নিয়েছে।

ইউসিএলএ’র জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েইন বলেন, “গত ৯-১০ মাস ধরে এই অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তাই গাছপালা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং আগুন দ্রুত ছড়ানোর জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।”

লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমস্ত সংস্থা কাজ করছে।

Visited 156 times, 1 visit(s) today