বেশ ভালোভাবেই দিন শেষ করার পথে ছিলো ভারত। তবে আচমকা ঝটকায় ২ উইকেটে ১৫৩ থেকে তারা পরিণত হয় ৫ উইকেটে ১৫৯ রানে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিক পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়া স্বীকার করছেন ওয়াশিংটন সুন্দর। তবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর আশাও করছেন তিনি
অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শেষ করা ভারতের হয়ে দিনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন এখনও ব্যাট করতে ওয়াশিংটন।
তিনি স্বীকার করেন, ‘’আমরা ভাল জায়গায় নেই। বড় রান তুলতে পারব কিনা, নিশ্চিত নয়। তবে আমরা ভয় পাচ্ছি না। শনিবার সকালে আমরা মাঠে নামব লড়াই করার জন্যই। আমাদের সাজঘরের পরিবেশ খুব ভাল। সবাই ইতিবাচক রয়েছি। ম্যাচের এখনও অনেক বাকি। পুরো তিন দিন রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে লড়াইয়ে ফিরে আসার। দল হিসাবে লড়াই করার চেষ্টা করব।’
দ্বিতীয় দিনের শেষে মেলবোর্নের ২২ গজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪) এবং ঋষভ পান্ত (৬)। আর এক উইকেট পড়লে নামতে হবে ওয়াশিংটনকে। শনিবার সকালেই হয়তো ব্যাট করতে হবে তাঁকে। এই পরিস্থিতিতে ব্যাটার ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবেন রোহিতেরা। তা অজানা নয় তরুণ অলরাউন্ডারের। তিনি বলেছেন, ‘ক্রিকেটের তিনটি বিভাগেই আমার কাছে ভাল পারফরম্যান্স আশা করছে দল। এটা আমার জন্য দুর্দান্ত সুযোগ।’’
পিচ নিয়েও তিনি বিশেষ চিন্তিত নন, ‘প্রথম দিন পিচে একটু নরম ভাব ছিল। সারা দিন ভাল রোদ ওঠেনি। দ্বিতীয় দিন অনেকটাই শুকিয়ে গিয়েছে। পিচ অনেকটাই ভাল হয়েছে। আমরা কিন্তু খারাপ ব্যাট করিনি। মনে হচ্ছে, চতুর্থ দিন পর্যন্ত পিচ ব্যাট করার জন্য ভালই থাকবে। খুব একটা পরিবর্তন হবে না। টেস্টের আগামী দু’দিন খুব উত্তেজক হতে পারে।’
