ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজের এখনো দুই ম্যাচ বাকি। তবে তাতে আর খেলার অপেক্ষা করলেন না। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার এই টেস্টের একাদশে না থাকা রবীচন্দ্রন অশ্বিন জানালেন তিনি আর ভারতের হয়ে খেলবেন না। অশ্বিনের অবসরে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ব্রিসবেন টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানান, “আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ে।”
অশ্বিনের এই অবসর ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৫৩৭টি উইকেট। অনিল কুম্বলের পর সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তারই। শুধু উইকেট নয়, ব্যাট হাতেও তিনি অনেকবার দলকে জয় এনে দিয়েছেন। টেস্টে ১৪টি ফিফটি ও ৬টি সেঞ্চুরি তার নামে রয়েছে। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখে ইয়ান বোথামের পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছেন তিনি।
অশ্বিনের স্পিন বোলিং এবং ব্যাটিং দুইয়েই তার এক অনন্য স্থান ছিল। তার ভ্যারিয়েশন, কৌশল এবং ব্যাটিং দক্ষতা দিয়ে তিনি বিশ্ব ক্রিকেটে এক অনন্য স্বাক্ষর রেখে গেছেন।
এই ক্রিকেটারের অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটে তুমুল আলোচনা চলছে। হুট করেই কেন এমন সিদ্ধান্ত এলো তা খুঁজছেন সবাই।
