কৃষি এবং প্রাণিপ্রেম জনপ্রিয় তারকা জয়া আহসানের জন্য নতুন কিছু নয়। প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের সাথে সহজেই মিশে যেতে পারেন তিনি। গতবছরের মত এবারও শীতকালীন সবজি তুলতে দেখা গেল তাকে।
বাড়ির আঙিনায় চাষ করছেন ফুলকপি, ধনেপাতা, শিম, বেগুনসহ নানারকম সবজি। প্রায়শ নিজ বাড়ির ছাদ ও বারান্দায় ফুল, ফল, সবজি চাষ করতে দেখা যায় গুণী এই অভিনেত্রীকে।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের জন্য একটি ভিডিও পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে তিনি জমি থেকে ফুলকপি আর ধনেপাতা সংগ্রহ করছেন। তার সাথে সাথে দৌড়ে বেড়াচ্ছে আদরের কুকুররাও।
ভিডিও ক্যাপশনে জয়া লিখেছেন, “প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।”
গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, পারিবারিক বাগানেই শীতের সবজি চাষ করা হচ্ছে।
জয়া বললেন, “আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভালো লাগে।”
জয়ার কথায় জানা যায়, পরিবারে সবারই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে তার মাঝেও এই প্রেম জন্ম নিয়েছে শৈশব থেকেই।
তিনি জানালেন, এ মুহূর্তে তিনি ঢাকাতেই রয়েছেন, তাই বাগানে সময় কাটাচ্ছেন।
গত বছর বলিউডের “কড়ক সিং” সিনেমায় জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। চলতি বছর পশ্চিম বাংলার ছবি “ভূতপরী’তে অভিনেত্রীকে দেখেছেন দর্শক। জয়ার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।
