টেস্ট সিরিজে দুই দলের ১-১ সমতা হওয়ার পর এবার সীমিত সংস্করণে লড়াইয়ের অপেক্ষা। রোববার সেন্ট কিটসে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরুর আগেই একটা বড়সড়ো ধাক্কা খেয়েছে স্বাগতিক দল। চোটের কারণে প্রথম সারির দুই পেসারকে হারিয়েছে তারা।
পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের ছিটকে যাওয়ার খবর দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাদের বদলে দলে নেওয়া হয়েছে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসকে। মিন্ডলি ২০২২ একটি টেস্ট খেললেও ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবার। ব্লেডস জাতীয় দলেই এলেন প্রথমবার।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে উরুতে চোট পান ফোর্ড। সেই চোটই ভোগাচ্ছে তাকে। সেরে উঠবেন আশা করা রাখা হয়েছিলো দলে। তবে ২২ পেরুনো পেসারকে আরও অপেক্ষায় থাকতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সেরা হয়েছিলেন ফোর্ড। এই পেসারকে হারানো তাই বড় ধাক্কা দলটির। বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকা টেস্টে শামার চোট পান পায়ে। তিনিও তাই খেলতে পারছেন না।
বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট কিটসে শুরু হবে প্রথম ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
