সেন্ট মার্টিনের কুকুরদের প্রাণ বাঁচাতে গেল খাবার, সঙ্গে চিকিৎসকও

সেন্ট মার্টিনের কুকুরদের প্রাণ বাঁচাতে গেল খাবার, সঙ্গে চিকিৎসকও
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

সেন্ট মার্টিনের খাদ্য সংকটে থাকা কুকুরদের জন্য খাবার ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়েছে।

রোববার দুপুর ২টায় টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটি ঘাট থেকে ১১ সদস্যের একটি দল ট্রলারে করে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। তাদের সঙ্গে ছিলেন দুইজন চিকিৎসক এবং একজন চিকিৎসা সহকারী।

এই দলের নেতৃত্বে থাকা ঢাকার সম্মিলিত সংগঠনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম বলেন, সেন্ট মার্টিনে খেতে না পেরে অনেক কুকুর মারা যাচ্ছে। এই খবর পাওয়ার পর আমরা কুকুরদের জন্য ৩ হাজার কেজি ডগ ফুড, ৫ হাজার পিস ডিম, মুরগির মাংস, ডাল ও চাল নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য দ্বীপে থাকা প্রায় ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা। খাবারগুলো আমরা নিজেরাই রান্না করে খাওয়াবো।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে প্রায় ৪ হাজার কুকুর বিচরণ করছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা প্রায়ই কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন।

তিনি বলেন, খাবারের অভাবে অনেক কুকুর মারা গেছে।

দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং কিছু কুকুর অন্যত্র সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি ভালো হবে।

২০২২ সালে সেন্ট মার্টিন থেকে ২ হাজার কুকুর স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হলেও পরিবেশবাদী সংগঠনগুলোর বিরোধিতার মুখে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্বীপের পরিবেশ রক্ষার পাশাপাশি কুকুরদের জন্য সঠিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী জানান, স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ একটি ভালো দৃষ্টান্ত। তারা প্রশাসনের অনুমতি নিয়ে কুকুরদের জন্য খাবার ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে।

দ্বীপের বাসিন্দারা এবং সংশ্লিষ্টরা জানান, পর্যটক সংখ্যা কমে যাওয়ায় দ্বীপে পর্যটন নির্ভর জীবিকা সংকটে পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সংখ্যা সীমিত করার সরকারি সিদ্ধান্তের ফলে দ্বীপের পর্যটনব্যবসার ওপর নির্ভরশীল মানুষ মানবেতর জীবনযাপন করছে। আমাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ত্রাণ সহায়তা নিশ্চিত করা জরুরি।

কুকুরদের খাদ্য ও চিকিৎসা সহায়তার এই উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসেবী দলটি সকলের সহযোগিতা চেয়েছে।

Visited 16 times, 1 visit(s) today