বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে আর্জেন্টিনা হারলেও ব্রাজিল করেছিলো ড্র। এবার আর্জেন্টিনা জয়ে ফিরল ব্রাজিল আবারও করেছে ড্র।
দক্ষিণ আমেরিকান দুই ফুটবল পরাশক্তি বুধবার বাংলাদেশ সময় সকালে নিজেদের ঘরের মাঠে খেলতে নামে। আর্জেন্টিনা অপেক্ষাকৃত দুর্বল পেরুকে হারায় ১-০ গোলে। ব্রাজিল নিজেদের মাঠে খেলেছে এই অঞ্চলের আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে। দুই দলের ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
বায়েন্স আইরেসে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। গোলের উৎস আবার লিওনেল মেসি। মেসির পাস থেকে শূন্যে লাফিয়ে দেখার মতন গোল করেন ইন্টার মিলান তারকা।
এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান শক্ত করল লিওনেল স্কালোনির দল।
ব্রাজিলের অবশ্য মনমতো হয়নি ফল। সালভাদরে খেলতে নেমে উরুগুয়ের উপর দাপট দেখিয়েও বারবার গোল বঞ্চিত হয় তারা। উল্টো ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদরিকো ভালবার্দের গোলে পিছিয়ে যায় দরিভাল জুনিয়রের দল।
৭ মিনিট পরই অবশ্য ব্রাজিলকে সমতায় আনেন গারসন। এরপর ভিনিসিয়ুস জুনিয়ররা একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ হারান।
এই ড্রয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।
