সংবাদ প্রতিবেদন
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর, প্রকাশ পঙ্গু হাসপাতাল) জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নিতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ দূত সারাহ কুক তীব্র ক্ষোভের মুখে পড়েছেন।
আজ বুধবার ১৩ই নভেম্বর বেলা ১২টার দিকে উপদেষ্টা পঙ্গু হাসপাতালে যান এবং আহতদের কয়েকজনের খোঁজ নেন। তবে সকলের সঙ্গে দেখা না করায় আহত ব্যক্তিরা ক্ষোভে ফেটে পড়েন এবং তার গাড়ির সামনে পথ অবরোধ করেন। কয়েকজন তার গাড়ির ওপর উঠে দাঁড়িয়ে যান এবং লাথি মারতে থাকেন বনেটে ও গাড়ির ছাদে। সেইসাথে তাদের বিরুদ্ধ স্লোগান দেন।
স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার প্রায় দুই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের ৪ তলায় রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
তবে তারা সবার সঙ্গে দেখা করেননি—এই অভিযোগে আহতরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। ব্যান্ডেজ মোড়ানো হাত-পা নিয়ে তারা উপদেষ্টার গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাদের দাবি, উপদেষ্টা সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
এছাড়া আহতদের প্রতিশ্রুত ১ লাখ টাকা করে অনুদান এখনো বিতরণ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ দূত সারাহ কুক হাসপাতালের ৪র্থ তলায় গেলেও ৩য় তলায় থাকা বেশ কয়েকজন আহত ব্যক্তির সঙ্গে দেখা করেননি, যা আহতদের ক্ষুব্ধ করে তোলে। তাদের কয়েকজন পার্ক করে রাখা তার গাড়ির ওপর উঠে স্লোগান দেন, তাকে যেতে দেবেন না বলে অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে উপদেষ্টা লুকিয়ে অন্য একটি গাড়িতে করে স্থান ত্যাগ করেন। তার সঙ্গে থাকা সারাহ কুকও অবরুদ্ধ অবস্থা থেকে রেহাই পেতে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করেন।
পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন মো. মাসুম বলেন, আমাদের রক্তের ওপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। কিন্তু ৩ মাস পর এসে আমাদের দেখা পর্যন্ত করলেন না।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই ফাউন্ডেশনের প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ টাকা এখনো বেশিরভাগ আহত ব্যক্তিরা পাননি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে যোগদান করা ছাত্র আল মিরাজ তার ডান চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ার কারণে বিদেশে চিকিৎসার দাবি জানান।
নিটোরে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা নিয়ে কথা হয় পরিচালক ডা. কাজী শামীম উজজামানের সাথে।
তিনি জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজনের চিকিৎসক টিম হাসপাতালে আহত ৮৫ জন রোগীকে দেখেছেন। যুক্তরাজ্যের চিকিৎসক টিম আজ পর্যন্ত ১৬ জনের সার্জারি করেছেন এবং আগামীকাল আরো দুইজনের সার্জারি করবেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকল ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিয়াউল হক জানান, স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ দূত নিরাপদে হাসপাতাল ত্যাগ করেছেন এবং তাদের গাড়ি অক্ষত আছে। পরবর্তীতে সেনাবাহিনী আহতদের রাস্তা ছাড়ার অনুরোধ জানায়, তবে আহতরা উপদেষ্টার পুনরায় আগমন ছাড়া সরে যেতে রাজি হননি।
বিকেল সোয়া ৫টা পর্যন্ত আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান ধরে রেখেছিলেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
