লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল
শেয়ার করুন

২০২৭ সালের ৩ জুন লর্ডসে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ঐতিহ্যবাহী এই মাঠে এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আগামী গ্রীষ্মে ক্রিকেটের তীর্থভূমিতে বাংলাদেশের ফেরার সফরে এটি নতুন এক ইতিহাস যোগ করবে।

বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে লর্ডসে এই ম্যাচটি হবে। একই দিনে এই মাঠে একটি আন্তর্জাতিক ও একটি ঘরোয়া ম্যাচ (ডাবল-হেডার) অনুষ্ঠিত হবে, যা লর্ডসের ইতিহাসে ছেলেদের ক্রিকেটে প্রথম।

এর ঠিক কয়েক দিন আগেই, মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে লর্ডসে নামবে বাংলাদেশ। ১৭ বছর পর এই মাঠে কোনো টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

চলতি বছরের শুরুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে লর্ডসে অভিষেক হয়েছিল বাংলাদেশ নারী দলের। এবার ৩ জুনের ম্যাচটি ছেলেদের দলের জন্য নতুন মাইলফলক হতে যাচ্ছে।

এমসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৭ সালের ৩ জুন বৃহস্পতিবার লর্ডসে নেপাল ও বাংলাদেশ মুখোমুখি হবে। একই দিনে পরে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচও হবে। লর্ডসে ছেলেদের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের এমন ডাবল-হেডার এই প্রথম।’

বাংলাদেশ ও নেপালের দর্শকরা যেন টিভিতে সরাসরি খেলা দেখতে পারেন, সে কথা মাথায় রেখেই ম্যাচের সময় ঠিক করা হবে। ফলে মাঠের দর্শকদের পাশাপাশি দুই দেশের ভক্তরাও ঐতিহাসিক এই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই ম্যাচটিকে জাতীয় দলের জন্য দারুণ এক অর্জন বলে মনে করছেন। ক্রিকেটের অন্যতম সেরা এই মাঠে খেলার সুযোগ পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

তামিম বলেন, ‘হোম অব ক্রিকেট লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য বিশেষ কিছু। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচের অংশ হতে পেরে আমরা খুব আনন্দিত।’

‘এই মাঠে আমাদের ছেলেদের দলের এটিই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর এই ম্যাচটি আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আরও খুশি যে এই ম্যাচের মাধ্যমে ক্রিকেটপাগল দুটি দেশ একসঙ্গে হচ্ছে। এতে বাংলাদেশ ও নেপালের সমর্থকরা এই আনন্দ ভাগাভাগি করতে পারবেন। এই আয়োজনে পাশে থাকার জন্য এমসিসি ও ইসিবিকে আন্তরিক ধন্যবাদ।’

এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসনও এই খবরে আনন্দ প্রকাশ করেছেন। আগামী গ্রীষ্মে লর্ডসে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

লসন বলেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে ভেবে আমরা রোমাঞ্চিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এই সফর আয়োজনে সহযোগিতার জন্য তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান), বিসিবি, ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ধন্যবাদ জানান।

নেপালের জন্যও ম্যাচটি ভীষণ স্মরণীয় হয়ে থাকবে। কারণ লর্ডসে এই প্রথম আইসিসি’র কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলবে তারা।

ক্যান সভাপতি চতুর বাহাদুর চাঁদ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ খেলতে লর্ডসে ফেরার জন্য আমরা মুখিয়ে আছি। লর্ডসে আইসিসি’র কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই নেপালের প্রথম ম্যাচ।’

‘ক্যানের পক্ষ থেকে আমি এমসিসি, ইসিবি, বিসিবি, ক্রিকেট স্কটল্যান্ড এবং ক্রিকেট আয়ারল্যান্ডকে তাদের নিয়মিত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ ও নেপাল এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১৪ ও ২০২৪ সালে) দুই দলের দুবার দেখা হয়েছে এবং দুবারই জিতেছে বাংলাদেশ।

ইংল্যান্ড সফরে লর্ডসের এই ম্যাচ ছাড়াও ওয়ার্মস্লি ও বেকেনহামে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলবে নেপাল।

তবে ইংল্যান্ডে যাওয়ার আগে ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই সিরিজটি উৎসর্গ করা হবে।

এমসিসি’র আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের সূচি

  • ১ জুন: নেপাল বনাম স্কটল্যান্ড – ৫০ ওভারের ম্যাচ, ওয়ার্মস্লি

  • ৩ জুন: বাংলাদেশ বনাম নেপাল – টি-টোয়েন্টি, লর্ডস (সঙ্গে ছেলেদের টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ)*

  • ৬ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল – ৫০ ওভারের ম্যাচ, ওয়ার্মস্লি

  • ৯ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল – টি-টোয়েন্টি ম্যাচ, ওয়ার্মস্লি

  • ১১ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল – টি-টোয়েন্টি ম্যাচ, বেকেনহাম

  • ১২ জুন: আয়ারল্যান্ড বনাম নেপাল – টি-টোয়েন্টি ম্যাচ, বেকেনহাম

*ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি প্রকাশের পর ৩ জুনের দ্বিতীয় ম্যাচটির বিষয় নিশ্চিত করা হবে।

Visited 1 times, 1 visit(s) today