ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ দলের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতই এবারও খেলা হবে দেশের তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার সূচিতেও নতুনত্ব আনা হয়েছে। তবে গণমাধ্যমের কাছে পাঠানো বিসিবির সূচিতে দেখা যায় আগের মতই হবে সবকিছু। প্রতিদিন ম্যাচ থাকছে দুটি, দুদিন পর পর থাকছে বিশ্রাম। একই দলের টানা দুদিন খেলার ব্যাপারটা নিয়মিতই আছে।
আগের মতই বেশিরভাগ ম্যাচই রাখা হয়েছে ঢাকায়। ৩০ ডিসেম্বর প্রথম ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও নতুন দল দুর্বার রাজশাহী। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে আরেক নতুন দল ঢাকা ক্যাপিটালস।
আগের ফ্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবার বিপিএলে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তার বদলে খেলছে চিটাগাং কিংস। ঢাকার ফ্র্যাঞ্চাইজি এবারও বদল হয়েছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগের দুই ধাপ হবে সিলেট ও চট্টগ্রামে। ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। মাঝে একদিন (৮ জানুয়ারি) থাকবে বিরতি। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ থাকবে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্বে ১৮ ও ২১ জানুয়ারি দুদিন বিরতি রাখা হয়েছে। সিলেটে ম্যাচ হবে মোট ৮টি, চট্টগ্রামে ১২টি।
প্লে অফ রাউন্ড, ফাইনাল সহ বাকি সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Final Fixture – BPL T20 2025 (11th Edition)
