আন্তর্জাতিক ডেস্কঃ
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০টিরও বেশি রাজ্যে বিজয়ী হয়েছেন, এর মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে। অপরদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস এখন পর্যন্ত ২০টি রাজ্যে জিতেছেন। বাকি কাউন্টি গুলোর ভোট গোনার কাজ চলছে। ট্রাম্প ২৬৭ ইলেকটোরাল ভোট পেয়েছেন, যা তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য মাত্র ৩টি ভোট দূরে দাঁড় করিয়ে রেখেছে।
ভোটগ্রহণ এখন সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা শুরু চলছে। বেশিরভাগ রাজ্যে প্রথমে আগাম ভোট এবং মেইল-ইন ভোট গণনা করা হবে। এবার ৮২ মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।
মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে, যার মধ্যে ২৭০ ভোট পেলে একজন প্রার্থী বিজয়ী হন। ২০২০ সালের নির্বাচনে, প্রেসিডেন্ট জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পকে পরাজিত করেছিলেন, যিনি ২৩২ ভোট পান।
এবারের নির্বাচনের ফলাফল কেবল নতুন প্রেসিডেন্টই নির্ধারণ করবে না, বরং কংগ্রেসের দুইটি কক্ষ—সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস—কোন দল নিয়ন্ত্রণ করবে তাও সিদ্ধান্ত নেবে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিশেষত পেনসিলভানিয়া, ফ্লোরিডা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে, যেখানে কয়েক হাজার ভোটের ব্যবধানও ফলাফল পাল্টে দিতে পারে। এই কারণে, একটি স্পষ্ট বিজয়ী ঘোষণা হতে কিছু সময় লাগতে পারে।
সোমবার, উভয় প্রার্থী তাদের শেষ প্রচারণা চালানোর জন্য পেনসিলভানিয়া রাজ্যে গিয়েছিলেন, যা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যারিস তার বক্তৃতায় ভবিষ্যতের জন্য আশাবাদী বার্তা দিয়েছেন এবং ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তিনি তার বিরুদ্ধে নিন্দা করেছেন।
২০২৪ সালের নির্বাচনটি এখন পর্যন্ত ইতিহাসের অন্যতম তীব্র এবং অনিশ্চিত নির্বাচনে পরিণত হয়েছে। ট্রাম্পের আদালতের মামলা, গুলি খাওয়ার ঘটনাসহ নানা নাটকীয় ঘটনা এবং হ্যারিসের শেষ মুহূর্তের মনোনয়ন বিশ্বজুড়ে নজর কেড়েছে।
হ্যারিস যদি নির্বাচিত হন, তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন। তিনি বাইডেন প্রশাসনের মতোই দ্বিদলীয় সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্প তার প্রশাসনে হাজার হাজার সরকারি কর্মীকে পদচ্যুত করে বিশ্বাসযোগ্য কর্মীদের নিয়ে নতুন দল গড়ে তোলার পরিকল্পনা করেছেন, এছাড়া বৃহত্তর শুল্ক আরোপেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনের ফলাফল আসতে থাকলে, উভয় প্রার্থীই তাদের বিজয় নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন।
