ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘ মিশনের অংশ হিসেবে লেবাননে দায়িত্বরত বিভিন্ন দেশের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রত্যাহার চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১৩ই অক্টোবর) এক ভিডিও বার্তায় জাতিসংঘের প্রতি এই দাবি জানান তিনি। টাইমস অব ইসরায়েল-এর খবরে প্রকাশ।
লেবাননে দায়িত্বরত বাংলাদেশসহ ৪০টি দেশের শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় কয়েকটি দেশ। এরপরই গতকাল নেতানিয়াহু এই শান্তিরক্ষীদের প্রত্যাহারের দাবি জানালেন জাতিসংঘের কাছে।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন- ‘জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। যার লক্ষ্য হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানববর্মের মাধ্যমে নিরাপত্তা দেওয়া।’
তিনি আরও বলেন, ‘মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুতসময়ে তাদের সরানোর এখনই সময়। আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে হিজবুল্লাহ সন্ত্রাসীদের হাতে জিম্মি বানাচ্ছেন। এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে।’
উল্লেখ্য, গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জাানা গেছে। শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা কয়েকটি দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে।
এদিকে লেবাননে জাতিসংঘের মোতায়েনকৃত সেনারা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
তিনি বলেছেন, ‘শান্তিরক্ষীরা আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা যেন আর না ঘটে তার সবই করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এর সবচেয়ে সহজ এবং একমাত্র কার্যকর উপায় হচ্ছে তাদের (শান্তিরক্ষীদের) ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত প্রত্যাহার নিশ্চিত করা।’
