আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই
শেয়ার করুন

আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা এই অভিজ্ঞ সংগঠক গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

হারুনুর রশীদ স্বাধীনতার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, বিশেষ করে জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের সঙ্গে। তাঁর প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ৯০-এর দশকের শুরুতে ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া পর্যন্ত দেশের ফুটবলে তিনি অসামান্য অবদান রাখেন। পরবর্তীতেও তিনি আবাহনীর অন্যতম প্রধান নীতিধারক হিসেবে যুক্ত ছিলেন।

হারুনুর রশীদ বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক হিসেবে দেশজুড়ে হারুনুর রশীদের পরিচিতি ছিল। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর প্রভাব ছিল সুদূরপ্রসারী। তিনি ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফিফার মিডিয়া কমিটিতে কাজ করেন। সংগঠক হিসেবে ‘এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ড’ লাভ করা ছিল তাঁর অন্যতম আন্তর্জাতিক স্বীকৃতি।

আজ জোহরের নামাজের পর ধানমন্ডিস্থ তাঁর প্রিয় আবাহনী মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

Visited 7 times, 1 visit(s) today