বিডিনিউজ টোয়েন্টিফোর-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অকালপ্রয়াণ প্রগতিশীল সাংবাদিকতার জন্য এক বিরাট ক্ষতি

বিডিনিউজ টোয়েন্টিফোর-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অকালপ্রয়াণ প্রগতিশীল সাংবাদিকতার জন্য এক বিরাট ক্ষতি
শেয়ার করুন

বিডিডাইজেস্ট ডেস্ক | ২ অক্টোবর ২০২৬


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। মাত্র ৫৯ বছর বয়সে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর সহকর্মীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লন্ডনের হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে, কোথাও স্ট্রোক, কোথাও মস্তিষ্কে রক্তক্ষরণের কথা বলা হয়েছে।

 

২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতৃত্বে ছিলেন। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিডিনিউজে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় কাজ করেছেন। পরে যুক্তরাজ্যে বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল, তিন মাধ্যমেই তাঁর অভিজ্ঞতা ছিল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। কঠিন সময়েও তিনি সাহসের সঙ্গে সত্য তুলে ধরার সাংবাদিকতা চালিয়ে গেছেন। একজন সম্পাদক হিসেবে তিনি নতুন প্রজন্মের অসংখ্য সাংবাদিককে গড়ে তুলেছেন এবং পেশাদারিত্বের মান ধরে রাখার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁর অকালপ্রয়াণ বাংলাদেশের প্রগতিশীল সাংবাদিকতার জন্য এক বিরাট ক্ষতি। বিডিডাইজেস্টের পক্ষ থেকে আমরা তাঁর অনুকরণীয় সাংবাদিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

– বিডিডাইজেস্ট সম্পাদকমন্ডলী
Visited 3 times, 3 visit(s) today