❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।
আজ ২রা অক্টোবর, শুক্রবার লন্ডনে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।
তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী। দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা আবদান রেখেছেন তিনি।
তার নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ নামে নতুন রূপে যাত্রা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল- তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ নানা ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তৌফিক ইমরোজ খালিদী।
ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজের। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ। ডিজিটাল বাংলাদেশে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়।
২০১৭ সালের ১২ই ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে বিডিনিউজকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছে।
