চকবাজার আওয়ামী লীগ সভাপতির জানাজায় পুলিশি বাধা, এলাকাবাসীর ক্ষোভ

চকবাজার আওয়ামী লীগ সভাপতির জানাজায় পুলিশি বাধা, এলাকাবাসীর ক্ষোভ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজের জানাজা পড়াকে কেন্দ্র করে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। ইসলামবাগ ঈদগাহ মাঠে জানাজার উদ্যোগ নেওয়ার পর পুলিশ সেখানে বাধা দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পরে মহল্লাবাসী লালবাগ শাহী মসজিদে জানাজার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লালবাগ শাহী মসজিদে জানাজা আয়োজনের সময়ও সেখানে পুলিশ মোতায়েন করা হয় বলে অভিযোগ করেছেন উপস্থিত ব্যক্তিরা।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এনামুল হক প্রিন্স বলেন, ‘চকবাজার আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডো চাচার জানাজায় অংশ নিতে লালবাগ শাহী মসজিদে এসে দেখলাম—পুলিশ পুরো মসজিদ ঘিরে রেখেছে।’

তিনি বলেন, এর আগে ইসলামবাগ ঈদগাহ মাঠে জানাজা পড়ার উদ্যোগ নেওয়া হলেও পুলিশ বাধা দেয়। পরে মহল্লাবাসী লালবাগ শাহী মসজিদে জানাজার সিদ্ধান্ত নেন।

জানাজায় পুলিশি উপস্থিতি ও বাধার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। তাদের ভাষ্য, একজন মৃত ব্যক্তির জানাজা পড়ার মতো ধর্মীয় ও সামাজিক আয়োজনেও যদি বাধা দেওয়া হয়, তাহলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক।

এলাকাবাসীর কয়েকজন বলেন, জীবিত অবস্থায় কারও রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নিয়ে নানা মত থাকতে পারে। কিন্তু মৃত্যুর পর তার জানাজায় অংশ নেওয়া কিংবা দাফন সম্পন্ন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা উচিত নয়। তারা জানাজাকে কেন্দ্র করে পুলিশের এমন অবস্থানের কারণ জানতে চান।

এনামুল হক প্রিন্স বলেন, ‘একজন মানুষের জানাজা নিয়েও যদি এত ভয়, এত পুলিশ, এত বাধা—তাহলে বুঝতে হবে ভয়টা আসলে কোথায়।’

তিনি আরও বলেন, ‘নির্মমতা ও দমন-পীড়ন দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না, দীর্ঘদিন ক্ষমতায়ও থাকা যায় না।’

হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজ দীর্ঘদিন চকবাজার থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির তালিকাতেও তাকে চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

২০২৪ সালের ২৬ অক্টোবর চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি জানিয়েছিল, তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

এ ছাড়া ২০২৫ সালের মার্চে লালবাগ থানায় দায়ের হওয়া মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায়ও সিরাজুল ইসলাম রাডোর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

জানাজা ঘিরে পুলিশি বাধার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Visited 8 times, 6 visit(s) today