ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার আশপাশের এলাকায় ঝটিকা মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। রোববার সকালে পৌর শহরের টিএ রোড, থানা ব্রিজ ও মঠের গোড়া এলাকায় সংগঠনটির জেলা সহসভাপতি সানি শাহের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্তের ফেসবুক প্রোফাইল থেকে ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা শহরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে শহরের কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ গেট দিয়ে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে প্রধান সড়ক টিএ রোডে প্রবেশ করেন। সানি শাহের নেতৃত্বে মিছিলটি থানা ব্রিজের ওপর দিয়ে সদর থানার পাশের সড়ক হয়ে মঠের গোড়া ও ফায়ার সার্ভিস অফিসের দিকে যায়।

 

ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহ। তার পেছনে সাদা টুপি ও মাস্ক পরা অর্ধশতাধিক নেতাকর্মী হাতে ব্যানার ও স্লোগান দিয়ে এগোচ্ছেন। মিছিলে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবিসংবলিত পোস্টার-ব্যানার প্রদর্শন করা হয়।

 

মিছিল শেষে জেলা সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সানি শাহ বলেন,

“শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আজ সবাই সমবেত হয়েছি।”
জেলা ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, “আমরা ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করব।”

 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, থানার সামনে সরাসরি মিছিল করার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন কিছু চিত্র দেখা গেছে। অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Visited 10 times, 1 visit(s) today