চলন্ত ট্রেনের খাবারের বগিতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার

চলন্ত ট্রেনের খাবারের বগিতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

 

ভুক্তভোগী নারী আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন। মামলায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকের পাশাপাশি ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। আবু বক্কর নাটোরের আবদুলপুর এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী রোববার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি না থাকায় তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন।

 

নারীর অভিযোগ, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাঁর শ্লীলতাহানি করেন এবং খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন।

বর্তমান বাংলাদেশে নারীর আব্রু কোথায় নিরাপদ?

 

পরে নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এই ঘটনা আবারও প্রমাণ করে, দেশের গণপরিবহনে—বিশেষ করে ট্রেনে—নারী যাত্রীদের নিরাপত্তা কতটা সংকটাপন্ন। চলন্ত ট্রেনের ভেতরেই, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটায় প্রশ্ন ওঠে—বর্তমান বাংলাদেশে নারীর আব্রু আসলে কোথায় নিরাপদ?

Visited 4 times, 1 visit(s) today