❐ নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে সরাসরি থোক বরাদ্দ দেওয়ার প্রচলিত পদ্ধতি বাতিল করতে যাচ্ছে বিএনপি সরকার। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই পদ্ধতিতে সংসদ সদস্যরা কেবল তাঁদের এলাকার জন্য উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন, কিন্তু তহবিলের ওপর তাঁদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার প্রেক্ষিতে এরই মধ্যে ‘সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেল’ নামে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এই সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সেলের প্রধানের দায়িত্ব পালন করবেন।
গত ২৩শে মে অনুষ্ঠিত এক সভায় রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও জনগণের প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচিসমূহ দ্রুত, কার্যকর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই সমন্বয় সেল গঠন করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা ও মাঠ পর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের জন্য এ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
পিএমও সূত্র জানায়, সংসদ সদস্যরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা নিজ এলাকার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে লিখিত প্রকল্প প্রস্তাব জমা দেবেন। তবে এই প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না; সরকারের সার্বিক উন্নয়ন অগ্রাধিকার ও নীতিগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেই কেবল তা বিবেচনার সুযোগ পাবে।
সেল থেকে বাছাই করা প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয় তার অধীনস্থ সংস্থার মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সেলকে জানাতে হবে। সেল থেকে প্রকল্পের প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সাত দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সেলকে জানাতে হবে।
কোনো প্রস্তাব বাস্তবায়নযোগ্য না হলে মন্ত্রণালয়কে যৌক্তিক কারণ ব্যাখ্যা করে দ্রুত তা সেলকে জানাতে হবে।
প্রকল্প মূল্যায়নের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হয়েছে। এসওপি অনুযায়ী, যেকোনো প্রকল্পকে অবশ্যই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দুর্গম এলাকার দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা, নারী-শিশু-প্রবীণ ও প্রতিবন্ধীদের সুবিধাপ্রাপ্তি এবং স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত বা স্যানিটেশন ব্যবস্থার উন্নতিতে অবদান রাখার সক্ষমতা বিশ্লেষণ করে প্রকল্প প্রস্তাব যাচাই করা হবে।
তদুপরি, একই এলাকায় সমজাতীয় কাজ অন্য কোনো প্রকল্পের আওতায় চলমান থাকলে নতুন প্রকল্প নেওয়া হবে না।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে এমপিরা তাঁদের নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়নে বার্ষিক বড় অংকের থোক বরাদ্দ পেতেন। ২০২৪-২৫ অর্থবছরে একেকজন এমপির জন্য বার্ষিক ৫ কোটি টাকা করে বরাদ্দ ছিল। পাঁচ বছর মেয়াদে সিটি কর্পোরেশনভুক্ত আসনের ২০ জন এমপি বাদে বাকি ২৮০ জন এমপি করে ২৫ কোটি টাকা পেতেন।
এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগের প্রথম মেয়াদে ছিল পাঁচ বছরে ১৫ কোটি টাকা, ২০১৪ ও ২০১৮ সালের পরবর্তী দুটি মেয়াদে তা বেড়ে হয় ২০ কোটি টাকা করে। এই তহবিল থেকে এমপিরা তাঁদের পছন্দানুযায়ী রাস্তা, সেতু, কালভার্ট, হাটবাজার ও খেয়াঘাটসহ বিভিন্ন প্রকল্প নির্ধারণ করতেন এবং এলজিইডি সেই তালিকা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করত।
এই কর্মপ্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা ছিল।
উল্লেখ্য, এর আগে সরকার গঠনের পরপরই বিএনপির সংসদীয় কমিটি এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং আগামী বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিকভাবে তা বাতিল করতে যাচ্ছে।
এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, “এতদিন ধরে নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য এমপিদের সরাসরি তহবিল বরাদ্দের যে চর্চা চলেছে, তা উন্নয়নের নামে আইনপ্রণেতা এবং তাঁদের স্থানীয় ঘনিষ্ঠ সহযোগীদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিয়েছিল।”
তবে সতর্কতার সুরে তিনি যোগ করেন, “বাস্তবায়ন প্রক্রিয়া দলীয় প্রভাবমুক্ত না হলে, বিশেষ করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতা ও প্রভাব প্রতিরোধ করা সম্ভব না হলে প্রকারান্তরে আগের মতো একই রকম অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি হবে।”
তিনি বলেন, “আমরা এই গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে বাস্তবতার নিরিখে ঝুঁকির সূত্রের প্রতি মনোযোগ আকর্ষণ করছি, যেন রাজনৈতিক সদিচ্ছাপ্রসূত এ প্রশংসনীয় উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ারই ‘নতুন বোতলে পুরনো মদে’ পরিণত না হয়।”
