বগুড়া পুলিশ লাইনস থেকে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইনস থেকে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইনসের ভেতর একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতার শাখার ভবনের দোতলায় অন্য সহকর্মীদের সঙ্গেই থাকতেন এএসআই আরিফুল। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। তবে শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেতার ভবনের পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখে তাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আরিফুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

খবর পেয়ে গতকাল সকালে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সিলিং থেকে নামানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ এসপি (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে এএসআই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা মানসিক কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।”

Visited 8 times, 1 visit(s) today