❐ জেলা প্রতিনিধি
সিলেট নগরীতে পুলিশের ধাওয়া করা এক ছিনতাইকারী ও মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হন।
আজ ২২শে মে, শুক্রবার দুপুরের দিকে নগরীর ক্বীনব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম ইমন আচার্য। তিনি র্যাব-৯-এ কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি সিভিল ড্রেসে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম জানান, র্যাব সদস্যরা অনেক সময় বিশেষ কোনো পরিকল্পনা থাকলে সিভিল ড্রেসে ডিউটি করে থাকেন।
তিনি জানান, দুপুরের দিকে কোতোয়ালি থানার টহল পুলিশের সদস্যরা ক্বীনব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবীকে ধাওয়া দেন। পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র্যাব সদস্য ইমন তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন। ঠিক সেই মুহূর্তে আটক ওই মাদকসেবী ইমনকে ছুরিকাঘাত করে।
সিলেট র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ধাওয়া করে ধরার পরই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে।
ঘটনাস্থল থেকে ইমনকে দ্রুত উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
এই ঘটনায় আসাদুল আলম বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি।
নিহত ইমন আচার্যের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম জানান, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দায়িত্ব পালনরত অবস্থায় একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এই অকাল মৃত্যু সিলেটজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
