দুই পেনাল্টিতে আর্সেনাল-অ্যাতলেটিকোর ম্যাচ ড্র

দুই পেনাল্টিতে আর্সেনাল-অ্যাতলেটিকোর ম্যাচ ড্র
শেয়ার করুন

চ্যাম্পিয়নস  লিগের সেমিফাইনালের প্রথম লেগে পেনাল্টি ভাগ্যে সমতায় শেষ হয়েছে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদের লড়াই। বুধবার রাতে স্পেনের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোল দুটিই এসেছে স্পট-কিক থেকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ডি-বক্সে ফাউলের শিকার হন ভিক্টর গিওকেরেস। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল কিকে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই সুইডিশ স্ট্রাইকার।

বিরতির পর নিজেদের মাঠে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অ্যাতলেটিকো। ৫৫ মিনিটে আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেস।

খেলার শেষ দিকে আবারও নাটকীয়তা তৈরি হয়। আর্সেনালের বদলি খেলোয়াড় এবেরেচি এজ ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর (VAR) পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়, যা নিয়ে মাঠে তীব্র অসন্তোষ প্রকাশ করেন গানাররা।

পুরো ম্যাচে অ্যাতলেটিকো বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের রক্ষণভাগ ও গোলরক্ষক দাভিদ রায়ার দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
আগামী মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এর আগে প্রিমিয়ার লিগে ফুলহামের মুখোমুখি হবে আর্সেনাল। অন্যদিকে, লা লিগায় সুবিধাজনক অবস্থানে থাকায় দ্বিতীয় লেগের কথা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমেওনে।

Visited 6 times, 1 visit(s) today