বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল

বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল
শেয়ার করুন

অস্ত্রোপচারের পর অনিশ্চয়তায় মিলিতাওয়ের বিশ্বকাপ যাত্রা

ব্রাজিলিয়ান রক্ষণভাগের অন্যতম স্তম্ভ এদের মিলিতাওকে ছাড়াই হয়তো আগামী বিশ্বকাপে মাঠে নামতে হবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মঙ্গলবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকার। তবে এই অস্ত্রোপচারের ফলে তার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত।

রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় এদের মিলিতাও আজ তার বাম পায়ের ‘বাইসেপস ফেমোরিস’-এর টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন।’ ক্লাব কর্তৃপক্ষ মিলিতাওয়ের ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ না জানালেও স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাকে অন্তত পাঁচ মাস বিশ্রামে থাকতে হতে পারে।

ফিনল্যান্ডের একটি ক্লিনিকে ক্লাবের মেডিকেল টিমের সরাসরি তত্ত্বাবধানে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকাকে দলে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। ২০১৯ সালে পোর্তো থেকে মাদ্রিদে আসার পর থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না তার। এর আগেও দুইবার ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। বিশ্বকাপের আগে মিলিতাওয়ের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে হারানো ব্রাজিলের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Visited 12 times, 1 visit(s) today