পঞ্চগড়ে ইউএনওর উপর হামলা, আনসারের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

পঞ্চগড়ে ইউএনওর উপর হামলা, আনসারের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তার নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যকেও মারধর করে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। তবে লাইনে থাকা অনেক চালকের কাছেই সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যেমন ফুয়েল কার্ড, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না।

এতে বৈধ কাগজপত্রধারীরা তেল নিতে সমস্যায় পড়েন এবং একপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও সবুজ কুমার বসাক। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন এবং দুইজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন।

এরপর হঠাৎ শতাধিক মানুষের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় এক আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ এসে তাকে নিরাপদে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও সবুজ কুমার বসাক জানান, আইনশৃঙ্খলার অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময়ই এই হামলার ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Visited 2 times, 1 visit(s) today