❐ নিজস্ব প্রতিবেদক
দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টিবলয় অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটির ফেসবুক পোস্ট থেকে জানানো হয়, আগামী ২৬ বা ২৭শে এপ্রিল থেকে শুরু হয়ে ৭ বা ৮ই মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগে।
এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় সিলেট অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
তবে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার আগে, অর্থাৎ ২৫ বা ২৬শে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
