স্বাস্থ্যমন্ত্রী: ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না

স্বাস্থ্যমন্ত্রী: ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, শুধু ওষুধের ওপর নির্ভর করে সুস্থ থাকা সম্ভব নয়; এ ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মায়ের দুধই শিশুর জন্য সবচেয়ে কার্যকর পুষ্টি ও প্রতিরোধক, যা নানা রোগ থেকে সুরক্ষা দেয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় লিটন অ্যাঞ্জেলস সেমিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগের সরকার রাষ্ট্রীয় কোষাগারে তেমন অর্থ রেখে যায়নি। তবে তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় বর্তমান সরকার হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে।

পাশাপাশি আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, ওই দিন ৩৮২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ বছর নারায়ণগঞ্জ জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার বাইরে রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন শিশু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি এম্মানুয়েলি এবরিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

Visited 10 times, 1 visit(s) today