❐ নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে।
একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, জ্বালানি তেল ও গ্যাস খাতে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে হবে সরকারকে।
আজ ২০শে এপ্রিল, সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিখোঁজ সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের পক্ষ থেকে দাবি ওঠার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গুম বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেকেই এখনো দেশে রয়েছে, কিন্তু তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না কেন—এ প্রশ্ন থেকেই যায়। সংশ্লিষ্টদের রিমান্ডে নিলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গুমসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এসব সংশোধন করে আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর ঘটনা আর না ঘটে। তিনি আশা প্রকাশ করেন, সরকার মানবতার পক্ষে অবস্থান নিয়ে আইন প্রণয়ন করবে।
উল্লেখ্য, ইতিপূর্বে বিএনপির একটি বৈঠকে ইলিয়াস আলীর গুমকাণ্ড প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সুস্পষ্টভাবে জানান, দলের লোকজনই ইলিয়াসের গুমের পেছনে দায়ী। ইলিয়াস গুম হওয়ার দিন সন্ধ্যায় বিএনপির কোন কোন নেতা তার সাথে দেখা করেছে, কাদের সাথে তার ঝামেলা চলছিল, তাকে কারা হুমকি দিয়েছিল, দলে ইলিয়াসের কারণে কাদের সমস্যা হচ্ছিল, এ সংক্রান্ত মন্তব্য করেন মির্জা আব্বাস।
তার বক্তব্যের ভিডিও ফাঁস হয়ে গেলে দলে সমালোচনার শিকার হন আব্বাস। এমনকি দলের প্রধান তারেক রহমান এ নিয়ে অসন্তুষ্ট হন বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে। পরে মির্জা আব্বাস নিজের বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে দায় সারেন।
