স্বরাষ্ট্রমন্ত্রী: সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে, দেওয়া হবে বাকিদেরও

স্বরাষ্ট্রমন্ত্রী: সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে, দেওয়া হবে বাকিদেরও
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাদের মাঝে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকিদেরও প্রক্রিয়াধীন রয়েছে।

আজ ২০শে এপ্রিল, সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

বৈঠক সূত্রে জানা যায়, সৌদি আরবে থাকা প্রায় ৬৯ হাজার মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা)কে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং নির্ধারিত শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করা হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।

এ বিষয়ে সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং জনশক্তি রফতানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে।

এ সময় রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে জানানো হয়, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তাঁর এ সফর অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, উপসচিব মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Visited 17 times, 1 visit(s) today