টিকিটের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী নেতা ফিফার কাছে দাবি জানিয়েছেন যেন তারা বিশ্বকাপের যাতায়াত খরচ বহন করে। নিউ জার্সিতে খেলা চলাকালীন ট্রেনের ভাড়া অনেক বাড়িয়ে দেওয়ার খবরের পর তিনি এই কথা বলেন।
মার্কিন সিনেটর চাক শুমার বলেন, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিশ্বকাপ থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করবে। তাই স্টেডিয়ামে যাতায়াতের খরচ তাদেরই দেওয়া উচিত।
একটি রিপোর্টে বলা হয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের দাম ১০০ ডলারের বেশি হতে পারে, যা সাধারণত মাত্র ১২.৯০ ডলার থাকে।
শুমার বলেন, ‘ফিফা যেখানে হাজার হাজার কোটি টাকা লাভ করছে, সেখানে সাধারণ মানুষের ওপর এই খরচের বোঝা চাপানো ঠিক নয়। আমি দাবি করছি, ফিফা যেন আয়োজক শহরগুলোর যাতায়াত খরচ মিটিয়ে দেয়।’
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও এই দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, ‘বিশ্বকাপ সবার জন্য সস্তা ও সহজ হওয়া উচিত। সামান্য পথের জন্য ১০০ ডলার ভাড়া অনেক বেশি।’
নিউ জার্সি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে, ভাড়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আটটি ম্যাচের যাতায়াত ব্যবস্থা সামলাতে প্রায় ৪৮ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
বোস্টনেও একই সমস্যা দেখা দিয়েছে। সেখানে সাধারণত ২০ ডলারের টিকিটের দাম বিশ্বকাপের সময় ৮০ ডলার করার কথা জানানো হয়েছে।
