মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনা বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছেন ফরোয়ার্ড রাফিনিয়া। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। দুই ম্যাচেই বার্সেলোনাকে ১০ জন নিয়ে খেলা শেষ করতে হয়েছিল।
চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ব্রাজিলীয় তারকা প্রথম লেগের রেফারি ইস্তভান কোভাকস এবং দ্বিতীয় লেগের রেফারি ক্লেমেন্ট তুরপিনের বিরুদ্ধে তাঁর দলকে ‘ডাকাতি’ করার অভিযোগ তোলেন।
ম্যাচে ২-১ ব্যবধানে জিতেও বিদায় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের রাফিনিয়া বলেন, ‘আমার কাছে এটা স্রেফ ডাকাতি। শুধু এই ম্যাচ না, আগের লেগের ম্যাচটাও ডাকাতি ছিল।’
তিনি আরও বলেন, ‘রেফারিং খুবই বাজে হচ্ছে; তুরপিন যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা অবিশ্বাস্য। আমি জানতে চাই তারা কেন এত ভয় পায় যে বার্সেলোনা জিতে যাবে?’
খেলা শেষে টিভি ক্যামেরায় দেখা যায় রাফিনিয়া হাতের মাধ্যমে কিছু ছিনিয়ে নেওয়ার ভঙ্গি করছেন, যা সাধারণত ‘চুরি’ বোঝাতে ব্যবহৃত হয়।
রাফিনিয়া আরও যোগ করেন, ‘এটা মানা খুব কঠিন, বিশেষ করে যখন আপনি বুঝবেন যে ম্যাচ জিততে হলে আপনাকে স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি খাটতে হবে। সবাই ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু যখন একই ভুল বারবার হতে থাকে, তখন সেটা নিয়ে ভাবার সময় এসেছে।’
এই বিষয়ে রয়টার্স উয়েফার কাছে মন্তব্য জানতে চেয়েছে।
প্রথম লেগে জিউলিয়ানো সিমিওনেকে ফাউল করার কারণে পাউ কুবারসিকে লাল কার্ড দেওয়া হয়েছিল। সেই ফ্রি কিক থেকেই গোল করেছিলেন আতলেতিকোর জুলিয়ান আলভারেজ। আবার মঙ্গলবারের ম্যাচেও প্রায় একইভাবে বার্সা ডিফেন্ডার গার্সিয়াকে মাঠ থেকে বের করে দেন রেফারি তুরপিন।
এর আগে প্রথম লেগের একটি ঘটনা নিয়ে বার্সেলোনা উয়েফার কাছে নালিশ করেছিল, যদিও তা বাতিল করে দেওয়া হয়। তাদের দাবি ছিল, ডি-বক্সের ভেতর বিপক্ষ দলের খেলোয়াড় হাতে বল লাগালেও রেফারি পেনাল্টি দেননি এবং ভার (VAR) কোনো হস্তক্ষেপ করেনি। সেই ঘটনায় বার্সেলোনার কোচ ও খেলোয়াড়রা বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন।
