নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৩ রোগী

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৩ রোগী
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন
নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সদর হাসপাতালসহ উপজেলা কমপ্লেক্সগুলোতে একদিনেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ২৩ রোগী।

শুক্রবার পর্যন্ত ১১ দিনে জেলায় হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন গোলাম মাওলা ।

তিনি বলেন, বৃহস্পতিবার নাগাদ ঢাকা থেকে ৪৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তাতে ১০ জনের হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। হামে আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ ৯ মাস বয়সের মধ্যে আর ১৫ থেকে ২০ শতাংশ ২ বছর বয়সের মধ্যে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩ রোগী। বাকিদের মধ্যে কেউ কেউ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ডেপুটি সিভিল সার্জন আফরিন সুলতানা বলেন, হাম নিয়ন্ত্রণে জনসচেতনতা অতি গুরুত্বপূর্ণ। শিশুদের জ্বর, র‌্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়া বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জেলার স্বাস্থ্য সহকারীসহ পুরো জনবল হাম নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে রোববার থেকে জেলায় হামের টিকা দেয়ার বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে আফরিন সুলতানা বলেন, জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই।

Visited 9 times, 1 visit(s) today