জ্বালানি সংকটের মধ্যেই গায়েব ১ লাখ টন তেল!

জ্বালানি সংকটের মধ্যেই গায়েব ১ লাখ টন তেল!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও দেশের ভেতরের চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংকটের এই সময়ে সাশ্রয়ী ব্যবহারের বদলে অবৈধ মজুদ ও চুরির অভিযোগে প্রায় ১ লাখ টন জ্বালানি তেল ‘গায়েব’ হয়ে গেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

সরকারি হিসাবে, দেশে এখনো প্রায় ২ লাখ টনের মতো জ্বালানি মজুদ রয়েছে। তবে চুরি হওয়া তেল দ্রুত উদ্ধার করা না গেলে সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার এক দিনেই ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। চলমান অভিযানে এ পর্যন্ত মোট উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭৩ হাজার ৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রোল ৬০ হাজার ২ লিটার।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকটকালে এমন ব্যাপক চুরি ও মজুদের ঘটনা অস্বাভাবিক এবং এটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, অবৈধ মজুদ বা চুরির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বিশেষ অভিযান জোরদার করা হবে।

জনগণের চাপ কমাতে এপ্রিল মাসে জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সাশ্রয়ী ব্যবহারের জন্য অফিস সময় কমানো, সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ বিবেচনায় রয়েছে।

মাঠপর্যায়ে অভিযানে অবৈধ মজুদের একাধিক ঘটনা ধরা পড়ছে।

ময়মনসিংহের ফুলপুরে একটি পেট্রোল পাম্প থেকে ২৪ হাজার লিটার তেল জব্দ করে মালিককে জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকেও উদ্ধার হয়েছে ৪৫০ লিটার জ্বালানি। পাবনার চাটমোহরে পাচারের সময় ২ হাজার ৪০০ লিটার তেলসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন এবং পেট্রোল ১১ হাজার ৪৩১ টন। এছাড়া জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন। নিয়মিত আমদানিও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

তদারকি জোরদার করতে সারা দেশে ফিলিং স্টেশনভিত্তিক ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে সরকার। ইতিমধ্যে কয়েক হাজার অভিযান চালিয়ে মামলা, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, সংকটকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ ব্যাপক হারে জ্বালানি মজুদ করছে। অনেক ক্ষেত্রে ঘরেও ছোট পরিসরে তেল জমিয়ে রাখা হচ্ছে, যা বাজারে চাপ বাড়াচ্ছে।

পেট্রোল পাম্প মালিকদের দাবি, হঠাৎ করে চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। আগে যেখানে দৈনিক ৫ হাজার লিটার বিক্রি হতো, এখন তা ২০-২৫ হাজার লিটারে পৌঁছেছে। তারা একে ‘প্যানিক বায়িং’ হিসেবে দেখছেন।

এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি সীমিত করার প্রস্তাব দিয়েছে পাম্প মালিকদের সংগঠন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রির সুপারিশ করা হয়েছে, তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না করলে এই সংকট দীর্ঘায়িত হতে পারে।

Visited 23 times, 1 visit(s) today