জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে ডিএফপিতে হামলার শিকার চলচ্চিত্র নির্মাতারা

জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে ডিএফপিতে হামলার শিকার চলচ্চিত্র নির্মাতারা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩১ মার্চ: জুলাই আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি অর্থায়নে নির্মিত একাধিক তথ্যচিত্রের বকেয়া বিল পরিশোধ না করেই দায়িত্ব ছাড়েন সংস্কৃতি উপদেষ্টা ফারুকি। এখন সেই বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা। এ ঘটনায় মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ চারজন আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

 

মুশফিকুর রহমান জোহান জানান, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ তিনি সম্পন্ন করে জমা দিয়েছিলেন। কিন্তু এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি। দুপুর ২টায় ডাকা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মো. মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়। এতে গোলাপ শাহ ও আব্দুর রহমানসহ কয়েকজন আহত হন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ঘটনার পর কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে।ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে এমন ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন মুশফিকুর রহমান জোহান।

উল্লেখ্য, জুলাই আন্দোলন নিয়ে সরকারি অর্থায়নে নির্মিত তথ্যচিত্রগুলোর বিল পরিশোধ না করেই দায়িত্ব ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংস্কৃতি উপদেষ্টা ফারুকির বিরুদ্ধে। এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

Visited 9 times, 1 visit(s) today