নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ মার্চ ২০২৬ — মহান স্বাধীনতা দিবসের রাত ৯টায় অনলাইনে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে “বাংলাদেশ সনদ”। এটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বর্তমানকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের একটি নাগরিক উদ্যোগ।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই সনদ দেশের ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রাম এবং রাষ্ট্রের জাতীয় মূল্যবোধকে নাগরিক জীবনের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর নেতৃত্বে উদ্যোক্তারা শপথ গ্রহণ করেন এবং সনদকে “জনতার অঙ্গীকার” হিসেবে উপস্থাপন করেন।
প্রায় ৪,৫০০ ঘণ্টার আলোচনা, সংলাপ ও গবেষণার মাধ্যমে প্রণীত এই সনদ তৈরিতে অংশ নিয়েছেন বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, আইনজ্ঞ, শিক্ষক, গবেষক, বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থী এবং সামাজিক-মানবাধিকার কর্মী। আয়োজকরা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো বিকল্প সংবিধান নয়। বরং নাগরিকদের দ্বারা নাগরিকদের জন্য একটি নৈতিক ও বৌদ্ধিক কাঠামো, যা সংবিধানিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তব জীবনে আরও প্রযোজ্য করে তুলবে।
নাগরিক সনদের আটটি মৌলিক অঙ্গীকার:
- ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যার স্বীকৃতি
- জাতীয়তাবাদ
- সার্বভৌমত্ব
- ধর্মনিরপেক্ষতা
- মানবাধিকার
- ন্যায়পরায়ণতা
- গণতন্ত্র
- সুশাসন
আয়োজকরা বলেন,
“সংবিধান বিদ্যমান থাকলেও নাগরিক জীবনে এসব মূল্যবোধের চর্চা সবসময় পুরোপুরি প্রতিফলিত হয় না। বাংলাদেশ সনদ সেই শূন্যস্থান পূরণ করবে। এটি কোনো স্থির নথি নয়, বরং একটি জীবন্ত প্রক্রিয়া।”
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। পরে সনদ পাঠ করা হয় এবং প্রতিটি অঙ্গীকারের সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী অংশগ্রহণকারীদের সম্মিলিতভাবে অঙ্গীকার পাঠ করান।
দেশ-বিদেশ থেকে অনলাইনে যুক্ত হন তরুণ প্রজন্ম, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সনদ উন্মোচনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ হাজার মানুষ ডিজিটাল স্বাক্ষর করে এই জনতার অঙ্গীকারে সামিল হয়েছেন। সামাজিক মাধ্যমে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকদের প্রত্যাশা, এই সনদ নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ জোরদার করবে এবং স্বাধীনতার চেতনাকে প্রজন্মান্তরে বহন করে নিয়ে যাবে। উদ্যোক্তারা এটিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখছেন, যেখানে নাগরিক অংশগ্রহণ এবং অঙ্গীকার রক্ষায় বাস্তব পদক্ষেপই মূল শক্তি।
টিম বাংলাদেশ সনদ-এর পক্ষে এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন রায়হান রশীদ, রাবেয়া শিরিন, রানা মেহের, জাহানারা নুরী ও অন্যান্যরা।
বাংলাদেশ সনদের বিস্তারিত দেখুনঃ বাংলাদেশ সনদ-Bangladesh Charter
