❐ আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক যুগান্তকারী মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা এবং ইউটিউবকে দায়ী ঘোষণা করেছে একটি জুরি বোর্ড। এক তরুণী তার শৈশবের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির জন্য এই দুই প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে মামলা করেছিলেন।
জুরিরা রায়ে বলেন, মেটা—যার মালিকানায় ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ রয়েছে—এবং গুগলের মালিকানাধীন ইউটিউব ইচ্ছাকৃতভাবে এমন প্ল্যাটফর্ম তৈরি করেছে যা ব্যবহারকারীদের আসক্ত করে তোলে এবং এতে ওই তরুণীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে।
২০ বছর বয়সী ওই তরুণী, যিনি “ক্যালি” নামে পরিচিত, ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ ডলার পেয়েছেন। এই রায় যুক্তরাষ্ট্রজুড়ে চলমান শত শত অনুরূপ মামলার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মেটা ও গুগল উভয়ই এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং আপিল করার ঘোষণা দিয়েছে। মেটা এক বিবৃতিতে জানিয়েছে, “কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত জটিল বিষয়, যা কোনো একটি অ্যাপের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় না।”
অন্যদিকে গুগলের একজন মুখপাত্র বলেন, “এই মামলা ইউটিউবকে ভুলভাবে উপস্থাপন করেছে; এটি একটি দায়িত্বশীল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম নয়।”
রায়ে বলা হয়েছে, ক্ষতির জন্য মেটা ৭০% এবং ইউটিউব ৩০% দায়ী। ফলে ক্ষতিপূরণের বড় অংশ মেটাকেই দিতে হবে। এছাড়া শাস্তিমূলক ক্ষতিপূরণের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি, যা রাজ্য আইনের অধীনে ৩ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
