জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ-সরঞ্জাম উদ্ধার, সেনা অভিযানের আগাম খবরে গা ঢাকা!

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ-সরঞ্জাম উদ্ধার, সেনা অভিযানের আগাম খবরে গা ঢাকা!
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামীর আঞ্চলিক শাখার সভাপতি।

নিজস্ব সূত্রে অভিযানের খবর শুনেই পলাতক রয়েছেন। কীভাবে তিনি সেনা অভিযানের আগাম খবর পেয়ে গেছেন, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

পিয়ার আলীর বসতঘর থেকে অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিন্তল, ২টি পয়েন্ট ২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপগান, ১ রাউন্ড ৭.৬৫ মি.মি. বিদেশি পিন্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড পয়েন্ট ২২ রিভলভারের অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগানের অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মি.মি. এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ ১৫টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে ২৪শে মার্চ, মঙ্গলবার রাতে জব্দ তালিকা-মূলে উদ্ধারকৃত আলামত জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার অস্ত্র উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বশীল অফিসার।

Visited 26 times, 1 visit(s) today