‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথ নির্বিশেষে দেশবাসীর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের।

একই সঙ্গে প্রয়াত জিয়াউর রহমানসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, জাতীয় নেতা, সংগঠক এবং সর্বস্তরের জনগণের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করা।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি পরিস্থিতির প্রভাব দেশের ওপর পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে এবং এ সময় জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেম অত্যন্ত জরুরি।

বাণীর শেষে রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

Visited 17 times, 1 visit(s) today