❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তাদের হেফাজত থেকে বিভিন্ন প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অবস্থায় মানবদেহের হাড় ও ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার একটি আভিযানিক দল জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে অবৈধভাবে কবরস্থান থেকে সংগ্রহ করা মানব কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
পরে সেখানে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মেডিকেল কলেজের হোস্টেলে অভিযান চালানো হয়। সেখানে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ছড়ানো অবস্থায় আরও ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে সংগ্রহ করত এবং পরে সেগুলো চড়া দামে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করত।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। এছাড়া আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
