বিকেএমইএ’র সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপি এমপি আল আমিন অবরুদ্ধ

বিকেএমইএ’র সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপি এমপি আল আমিন অবরুদ্ধ
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন আল আমিন।

এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।

হাতেমের অনুসারী শ্রমিকেরা জানান, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন।

বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’

এর পরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

এসময় অনুষ্ঠানস্থলে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেয়। অপরদিকে হাতেম সমর্থক বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা বাহিরে অবস্থান নেয়।

এসময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Visited 17 times, 1 visit(s) today