রূপগঞ্জে চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন, কেটে দেওয়া হলো চুলও

রূপগঞ্জে চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন, কেটে দেওয়া হলো চুলও
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সুধীজন এমন ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগর ব্যবস্থাগ্রহণের দাবিও জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন। এসময় তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরি চেষ্টার অভিযোগ আনেন সেলিম মিয়ার বাড়ির লোকজন। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুলও কেটে দেওয়া হয়। এ ঘটনায় চরমভাবে মর্মাহত ও বাকরুদ্ধ হয়ে যান নারীরা।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন পুরো নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায়, তিন নারী অসহায় অবস্থায় কান্নাকাটি করছেন এবং কয়েকজন ব্যক্তি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান অনেকে।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।

রূপগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরির অভিযোগ থাকলেও দেশের আইন অনুযায়ী বিচার করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া ফৌজদারি অপরাধ।

তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ যাচাই করে নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।

Visited 18 times, 1 visit(s) today