পবিপ্রবির উপ-উপাচার্য জামায়াত নেতা ড. হেমায়েতের সাইটেশন জালিয়াতি, বিপুল অর্থ লোপাটের অভিযোগ

পবিপ্রবির উপ-উপাচার্য জামায়াত নেতা ড. হেমায়েতের সাইটেশন জালিয়াতি, বিপুল অর্থ লোপাটের অভিযোগ
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, জামায়াতপন্থি এই উপ-উপাচার্য গুগল স্কলারে নিজের প্রোফাইলে অন্য গবেষকদের প্রবন্ধ যুক্ত করে কৃত্রিমভাবে সাইটেশন সংখ্যা বাড়ান। তবে ব্যাপক সমালোচনার পর আগের প্রোফাইল মুছে দেন। বর্তমান প্রোফাইলে সাইটেশন উল্লেখযোগ্যভাবে কম দেখা যাচ্ছে।

গবেষণা অঙ্গনে একজন গবেষকের প্রভাব ও গ্রহণযোগ্যতা নির্ধারণে সাইটেশন সংখ্যা গুরুত্বপূর্ণ সূচক। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি ও গবেষণা অনুদান নির্ধারণে এ সূচক বড় ভূমিকা রাখে। ফলে সাইটেশন কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ নতুন নয়।

সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসাইনের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পরই জামায়াতপন্থি অধ্যাপক হেমায়েত জাহান নিজের প্রোফাইল থেকে অন্য গবেষকদের প্রবন্ধ সরিয়ে নেন বলে সংশ্লিষ্টরা জানান।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের জুলাই দাঙ্গার পর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সহযোগী ছাত্র সমন্বয়ক ও জুলাই দাঙ্গাবাজ জামায়াত-শিবির, এনসিপি, বিএনপিসহ আওয়ামীবিরোধী পক্ষ দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে মব সন্ত্রাস চালিয়ে আওয়ামীপন্থি ট্যাগে দায়িত্বরত উপাচার্য, উপ-উপাচার্যসহ অসংখ্য শিক্ষককে লাঞ্ছিত করে পদচ্যুত এবং বহিষ্কার করে।

আর সেই শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়া হয় আওয়ামীবিরোধী এবং জামায়াতপন্থিদের। হাতেগোণা অল্প কয়েকটি পদ নিজেদের অনুকূলে সংগ্রহ করতে সমর্থ হয় বিএনপি। দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদগুলো বর্তমানে জামায়াতপন্থিদের দখলে। অধ্যাপক হেমায়েত জাহান জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত।

এই জালিয়াত শিক্ষক নিজের গুগল স্কলার প্রোফাইলে নামের মিল থাকা বিভিন্ন দেশের গবেষকদের প্রবন্ধ যুক্ত করেন বলে অভিযোগ। ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর তার সাইটেশন সংখ্যা ছিল ১ হাজার ৯৬০; কিন্তু ঘাপলা ধরা পড়ার পর বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩২৬-এ।

অভিযোগ অনুযায়ী, অস্ট্রেলিয়ান গবেষক সায়কা জাহান (S Jahan)-এর বেশ কয়েকটি প্রবন্ধ তার প্রোফাইলে যুক্ত করা হয়েছিল। এসব সাইটেশন দেখিয়েই তিনি ২০২৪ সালের ২৭শে অক্টোবর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।

অধ্যাপক হেমায়েত জাহান প্রাথমিক প্রতিক্রিয়ায় বিষয়টিকে ‘অটোমেটিক সিস্টেম’-এর ফল বলে ব্যাখ্যা করেন। তার দাবি, স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সাইটেশন যুক্ত হয়ে থাকতে পারে এবং পরে বিষয়টি নজরে এলে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন প্রোফাইল পর্যবেক্ষণ না করায় অন্যের প্রবন্ধ যুক্ত হয়ে গিয়েছিল বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর গবেষক অধ্যাপক ড. মো. গুলজার হোসেন বলেন, গুগল স্কলারে স্বয়ংক্রিয় সংযোজন ব্যবস্থা চালু থাকলে অন্যের আর্টিকেল যুক্ত হতে পারে, তবে ব্যবহারকারী লগইন করলে তা যাচাই করার সুযোগ থাকে।

পদ-পদবি পাওয়ার উদ্দেশ্যে অন্যের সাইটেশন যুক্ত করে রাখা গুরুতর অনৈতিক কাজ বলে মন্তব্য করেন তিনি।

প্রমাণ পেলে গুগল স্কলার আইডি বন্ধ করে দেওয়ার নজিরও রয়েছে বলে জানান তিনি।

বিশিষ্ট গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সাবেক মহাপরিচালক ড. এম শহিদুল ইসলাম বলেন, অল্প সময়ে অস্বাভাবিক সাইটেশন বৃদ্ধি প্রশ্নবিদ্ধ। এ ধরনের গবেষকদের ‘স্যুডো (ভুয়া) সায়েন্টিস্ট’ হিসেবে আখ্যা দিয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষকের ক্যারিয়ার মূল্যায়নের আহ্বান জানান।

ম্যানিপুলেশনের মাধ্যমে পদ লাভের প্রমাণ মিললে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাইটেশন জালিয়াতির অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বিষয়টি নিয়ে শিক্ষক ও গবেষক মহলে আলোচনা চলছে।

জামায়াতের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত অধ্যাপক হেমায়েত

পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সুপারিশেই নিয়োগপ্রাপ্ত হন অধ্যাপক হেমায়েত, জেলা জামায়াত ও পবিপ্রবির জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরামের একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

জানা যায়, উপ-উপাচার্য হেমায়েত জাহান পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, পটুয়াখালী পৌরসভার জামায়াতের মেয়র প্রার্থী এবং গুপ্ত সংগঠন শিবিরের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নাহিয়ানের অতি ঘনিষ্ঠ। হেমায়েত জাহান নিয়মিত পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করে থাকেন।

প্রসঙ্গত, অধ্যাপক হেমায়েত জাহানকে ঘিরে এর আগেও বিতর্ক রয়েছে। একটি কলেজের প্রাণিবিদ্যার ছাত্র হয়েও ২০০৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে নিয়োগ পান।

অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি এ বিভাগে আবেদন করেননি; আবেদন করেছিলেন এগ্রোফরেস্ট্রি বিভাগে। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবের অভিযোগে তৎকালীন উপাচার্যের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পান।

জামায়াত নেতা অধ্যাপক হেমায়েত জাহান বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা অবস্থাতেই ২০২৫ সালে শিবিরের অনুষ্ঠানে গোপনে অংশগ্রহণ করে ধরা পড়ে যান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক-কর্মকর্তাদের তোপের মুখে পড়েন তিনি।

হেমায়েত জাহান ২০০৬–০৭ সালে পবিপ্রবির জামায়াতপন্থি উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাছুমের একান্ত সচিব ছিলেন। সে সময় পবিপ্রবিতে গুপ্ত সংগঠন শিবিরপন্থি বহু শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ পান।

অনুসন্ধানে জানা গেছে, অধ্যাপক হেমায়েত জাহানের বাবা মাওলানা মো. শাজাহান ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে পটুয়াখালী–১ আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী এম. কেরামত আলীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন।

২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক হেমায়েত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, সহকারী প্রক্টর, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) এবং পরিচালক (আইকিউএসসি)–এর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপিপন্থি শিক্ষকদের বঞ্চিত করে জামায়াতপন্থি শিক্ষকদের পদায়ন করেন।

এ নিয়ে বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পবিপ্রবিতে জামায়াত ও শিবিরের অবস্থান সুদৃঢ় হওয়ার পেছনে অধ্যাপক হেমায়েত জাহানের ভূমিকা অগ্রগণ্য বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।

আর্থিক দুর্নীতি-অনিয়মের অভিযোগ

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৪৫৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার ও কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতসহ বিভিন্ন সেক্টর থেকে অর্থ লোপাটের অভিযোগও রয়েছে।

উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের এসব কর্মকাণ্ডে উপ-উপাচার্য প্রফেসর ড. হেমায়েত জাহান ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সূত্র জানায়, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে উপাচার্যের চেয়ার দখলের লক্ষ্যে হেমায়েত জাহান শক্তভাবে মাঠে নেমেছেন। একটি গোপনীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ এক উপদেষ্টার সহকারী একান্ত সচিবের মাধ্যমে ওই উপদেষ্টাকে ‘ম্যানেজ’ করে উপাচার্য নিয়োগ পেতে জোরালো তদবির চালানো হচ্ছে। এ ক্ষেত্রে বড় অঙ্কের লেনদেনের গুঞ্জনও শোনা যাচ্ছে।

পবিপ্রবি সূত্র বলছে, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে অধ্যাপক ড. আতিকুর রহমান ও অধ্যাপক ড. জামাল হোসেনকে নিয়ে গঠিত ‘হেমায়েত–আতিক–জামাল’ প্যানেল বর্তমানে সক্রিয়।

অভিযোগ রয়েছে, এই প্যানেল ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি করছে, যাতে নতুন সরকার প্রশাসন পুনর্গঠন করলে তাদের বাইরে অন্য কেউ উপাচার্য, উপ-উপাচার্য বা ট্রেজারারের পদে বসার সাহস না পান।

Visited 67 times, 1 visit(s) today