চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ,’ কর্মকর্তা বললেন ‘রঙ দিয়ে মুছে ফেলা হচ্ছে’

চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ,’ কর্মকর্তা বললেন ‘রঙ দিয়ে মুছে ফেলা হচ্ছে’
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভিডাব্লিউবি কর্মসূচির চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা অবস্থায় বিতরণের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুনবহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রম। এর আওতায় গ্রামীণ দুঃস্থ নারীদের প্রতি মাসে খাদ্য সহায়তা দেওয়া হয়।

বোয়ালমারী উপজেলা খাদ্য গুদামেও ৩০ কেজি ওজনের শত শত চালের বস্তায় একই স্লোগান দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপকারভোগী গুনবহা ইউনিয়নের বাসিন্দা মো. সরোয়ার শেখ বলেন, “আমি গরিব মানুষ। ৩০ কেজির চালের বস্তা পেয়েছি। বস্তায় শেখ হাসিনার নাম লেখা রয়েছে।”

আরেক বাসিন্দা মন্তব্য করেন, “সরকার বদল হলেও চালের বস্তায় পুরোনো স্লোগান রয়ে গেছে। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিত।”

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “চালের বস্তায় এখনো ওই স্লোগান লেখা আছে—এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, যেন ভবিষ্যতে এ ধরনের নাম বা স্লোগান না থাকে।”

এ বিষয়ে বোয়ালমারী এলএসডি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, বস্তার ওপরের লেখা রঙ দিয়ে মুছে ফেলার কাজ চলছে।

“যেখান থেকে পাঠানো হচ্ছে, সেখান থেকেই মুছে দেওয়ার কথা। কিন্তু আপাতত আমাদেরকেই করতে হচ্ছে,” বলেন তিনি।

Visited 16 times, 1 visit(s) today