রাজশাহীতে এমপিকে প্রধান অতিথি করা নিয়ে দলীয় কোন্দল, অনুসারী বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে এমপিকে প্রধান অতিথি করা নিয়ে দলীয় কোন্দল, অনুসারী বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


রাজশাহীর চারঘাটে অনুষ্ঠিতব্য মাহফিলে স্থানীয় এমপিকে প্রধান অতিথি করতে চাওয়ায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দলের এক সিনিয়র নেতাকে পিটিয়ে হত্যা করেছেন অপর পক্ষের কর্মীরা।

গতকাল ২৭শে ফেব্রুয়ারি, শুক্রবার রাতে জেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) বাড়ি সিপাইপাড়া এলাকার বাসিন্দা ও তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। এরশাদ স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের ঘনিষ্ট অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর স্থানীয় লোকজন একটি মাহফিল আয়োজন নিয়ে মসজিদে আলোচনায় বসেছিলেন। এ সময় একটি পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চেয়েছিল।

অন্যদিকে এরশাদসহ অন্য নেতৃবৃন্দ চায় স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এর আড়াই মাস আগেও একই বিষয়ে তর্কাতর্কি হলে মাহফিলটি স্থগিত থাকে। ওই সময়ও মারামারিতে কয়েকজন আহত হয়েছিলেন। এ নিয়ে তখন একটি মামলাও হয়েছিল।

এর জের ধরে রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথরোধ করে দাড়ায়। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়।

চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

Visited 10 times, 1 visit(s) today