পুয়ের্তো রিকোয় এক প্রীতি ম্যাচে ভক্তদের বিশৃঙ্খলার কারণে মাঠে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন লিওনেল মেসি। গত বৃহস্পতিবার ইন্টার মায়ামির হয়ে খেলার সময় এক ভক্তের ধাক্কায় মাটিতে পড়ে যান এই আর্জেন্টাইন মহাতারকা।
ইকুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়োর সঙ্গে মায়ামির ম্যাচটি তখন ৮৮ মিনিটে গড়িয়েছে। এমন সময় হঠাৎ একদল সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভেতর দৌড়ে আসেন। একজন ভক্ত মেসির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, অন্যজন তার জার্সিতে অটোগ্রাফ চান। এর মধ্যেই তৃতীয় এক ভক্ত পেছন থেকে মেসিকে জাপটে ধরতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। ওই ভক্তের সঙ্গেই টানাহেঁচড়ায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
অবশ্য এই ঘটনায় মেসি বড় কোনো চোট পাননি। পরে বিরক্তি নিয়েই মাঠ ছাড়েন তিনি।
ম্যাচটি শুরু হওয়ার আগেই ছিল নানা নাটকীয়তা। কোন দল কোন রঙের জার্সি পরে খেলবে, তা নিয়ে ঝামেলার কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় দুই দলই কালো জার্সি পরে মাঠে নামে।
ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে ৭০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মেসি। এর আগে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন সান্ত্তি মোরালেস। তবে ১ মিনিট পরেই ইকুয়েডরের পাত্রিক মের্কাদো গোল করে সমতা ফিরিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের অধীনস্থ পুয়ের্তো রিকোর বায়ামন শহরে মেসিকে একনজর দেখতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা যখন মাঠে নামেন, গ্যালারি ভর্তি দর্শক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসির খেলার গুঞ্জন থাকলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ।
