শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, পিটিয়ে হাত ভেঙে দিলেন যুবদল সভাপতি

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, পিটিয়ে হাত ভেঙে দিলেন যুবদল সভাপতি
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ওপর সংঘবদ্ধ মব হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার উপসী এলাকায় ওই প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার।

আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী এলাকায় অবস্থিত বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন (রতন) গতকাল বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে উপসী তিন দোকান এলাকায় পৌঁছালে যুবদল সভাপতি মিজানের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তার অটোরিকশার গতিরোধ করেন।

এসময় ওই শিক্ষককে জোর করে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন মিজান ও তার সঙ্গী সন্ত্রাসীরা। মারধরের একপর্যায়ে শিক্ষকের হাত ভেঙে গেলে অচেতন হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

যুবদল সভাপতি মিজানুর রহমান

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মফিজুর রহমান জানান, শিক্ষকের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের কবজির হাড় ভেঙে গেছে। দ্রুত অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আহত শিক্ষক শেখ নুরুল আমীন জানান, মোটরসাইকেলে করে আসা হামলাকারীদের মধ্যে যুবদল সভাপতি মিজানুর রহমান সিকদারকে তিনি চিনতে পেরেছেন, মিজানই প্রথম তাকে আঘাত করেন। পরে অন্যরা তাকে মারধর করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নিবেন বলে জানান প্রধান শিক্ষক। একইসাথে বিষয়টি তিনি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে প্রধান শিক্ষকের বিরোধ চলছিল। এই জেরে হামলা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মিজান বলেন, ঘটনার সময় তিনি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার সংক্রান্ত কাজে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

Visited 10 times, 1 visit(s) today