খুলনায় সাবেক এমপি মিজানুর রহমানের জামাতা নিখোঁজের দুইদিন; আতঙ্কগ্রস্থ পরিবার

খুলনায় সাবেক এমপি মিজানুর রহমানের জামাতা নিখোঁজের দুইদিন; আতঙ্কগ্রস্থ পরিবার
শেয়ার করুন

স্থানীয় প্রতিনিধি

 

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা, ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

 

পারিবারিক সূত্র জানায়, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। নামাজ শেষে তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কাজী নিজাম উদ্দিন সুজন নগরীর অফিসার্স ক্লাব এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের ছেলে। তিনি মিজানুর রহমান মিজানের একমাত্র জামাতা। পরিবার সূত্র আরও জানায়, নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। কোনো ধরনের যোগাযোগ বা খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

এ ঘটনা আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী, তাদের পরিবার-পরিজনদের ওপর হামলা, মব লিঞ্চিং, হত্যা, জিম্মি করে চাঁদাবাজির ধারাবাহিকতায় আরেকটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এসব ঘটনার ফলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন যে এটি অপহরণ বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে।

 

পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সদর থানা পুলিশ জিডির ভিত্তিতে খোঁজাখুঁজি শুরু করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত সুজনের সন্ধান পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

Visited 8 times, 1 visit(s) today