দীর্ঘ বিরতি ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরতে পারেন সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই কিংবদন্তি প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর সাবেক কোচ রিক মাচ্চি।
মাচ্চির মতে, ৪৪ বছর বয়সী সেরেনা ফেরার বিষয়ে শতভাগ নিশ্চিত। বর্তমানে তিনি অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন।
২০১৭ সালে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনাকে সবশেষ ২০২২ সালের ইউএস ওপেনে খেলতে দেখা গিয়েছিল। গত বছর টেনিসের অ্যান্টি-ডোপিং টেস্টিং পুলে নাম অন্তর্ভুক্ত করার পর থেকেই তাঁর ফেরার গুঞ্জন জোরালো হয়। এর ফলে তাঁর জন্য পেশাদার টুর্নামেন্টে অংশ নেওয়ার আইনি পথ এখন উন্মুক্ত।
যদিও সেরেনা নিজে ফেরার খবর বারবার অস্বীকার করেছেন। তবে গত মাসে এনবিসি-র ‘টুডে শো’-তে এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রহস্য জিইয়ে রেখেছেন তিনি।
নব্বইয়ের দশকের শুরুতে সেরেনা ও ভেনাস উইলিয়ামসকে প্রশিক্ষণ দেওয়া মাচ্চি ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে বলেন, ‘সে অনেক পুরুষ স্পারিং পার্টনারের সঙ্গে অনুশীলন করছে। সাউথ ফ্লোরিডায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু অ্যালিসিয়া পার্কসের সঙ্গেও তাঁকে খেলতে দেখা গেছে। তাই ফেরার বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।’
মাচ্চি আরও যোগ করেন, ‘আমি সব সময় ভেবেছিলাম সে হয়তো মাঝে মাঝে ভেনাসের সঙ্গে দ্বৈত (ডাবলস) খেলতে আসবে। কিন্তু এখন দেখছি সে একক লড়াইয়ের জন্যই নিজেকে তৈরি করছে। সে যদি মনে না করত যে সেরাদের হারিয়ে জয় পাওয়া সম্ভব, তবে সে মাঠে নামত না। সে যে আবারও প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়বে, তা শতভাগ নিশ্চিত।’
৭১ বছর বয়সী এই কোচের বিশ্বাস, সেরেনার লড়াকু মানসিকতা এখনো অটুট। তাঁর মতে, ‘প্রশ্নটা ফিজিক্যাল ফিটনেস নিয়ে নয়, প্রশ্ন হলো জয়ের ক্ষুধাটা এখনো আছে কি না। সেরেনা নিজেই তাঁর কাজের মাধ্যমে সেই উত্তর দিচ্ছেন। তিনি মনেপ্রাণে একজন লড়াকু বলেই ফিরে আসছেন।’
২০২২ সালের আগস্টে টেনিস থেকে ‘বিবর্তিত’ হওয়ার (অবসর না বলে ভিন্নভাবে সরে দাঁড়ানো) ঘোষণা দিয়েছিলেন সেরেনা। তাঁর ফেরার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মাচ্চির ধারণা, আগামী মাসে ইন্ডিয়ান ওয়েলস বা মিয়ামি ওপেনের মাধ্যমেই রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে পারে টেনিস রানির। তবে টানা ম্যাচ খেলার ধকল তিনি কতটা সামলাতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।
