মেক্সিকোতে সামরিক অভিযানে নিহত মাদক সম্রাট “এল মেনচো”

মেক্সিকোতে সামরিক অভিযানে নিহত মাদক সম্রাট “এল মেনচো”
শেয়ার করুন

মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক কার্টেলের নেতা নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস, যিনি “এল মেনচো” নামে পরিচিত, সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তিনি জলিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান ছিলেন, যা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাচারের সঙ্গে জড়িত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, গ্রেপ্তার অভিযানের সময় জলিস্কো রাজ্যের তাপালপা শহরে কার্টেল সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়। সংঘর্ষে কার্টেলের চার সদস্য নিহত হন এবং তিন সেনাসদস্য আহত হন। এল মেনচো গুরুতর আহত অবস্থায় আটক করা হয়েছিল, কিন্তু রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযানে বিশেষ বাহিনী, বিমানবাহিনী ও জাতীয় রক্ষীবাহিনী অংশ নেয় এবং সাঁজোয়া যান ও ভারী অস্ত্র উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য এই অভিযানে সহায়তা করেছে বলে মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে।

কার্টেল সদস্যরা প্রতিশোধ হিসেবে আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জলিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওনসহ কয়েকটি এলাকায় নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।

দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, অধিকাংশ অঞ্চলে স্বাভাবিক কার্যক্রম চলছে। জলিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো লাল সতর্কতা জারি করে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেন।

৫৯ বছর বয়সী এল মেনচো সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু পরে মাদক পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। কার্টেলটি কোকেইন, মেথামফেটামিন ও ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করে বিপুল অর্থ আয় করত। তাকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সহিংস ঘটনার পর গুয়াদালাহারা ও পর্যটননগরী পুয়ের্তো ভালার্তাসহ বিভিন্ন শহরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পুয়ের্তো ভালার্তায় বহু পর্যটক রিসোর্ট এলাকায় আটকা পড়েছেন এবং কয়েকটি আন্তর্জাতিক বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক মাধ্যমে এল মেনচোর মৃত্যুকে মেক্সিকো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, কার্টেলটি বহু বছর ধরে মেক্সিকোতে সহিংসতা ও মাদক পাচারের অন্যতম প্রধান শক্তি ছিল। তবে নেতার মৃত্যু সত্ত্বেও সংগঠনটি পুরোপুরি ভেঙে পড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নিরাপত্তা বাহিনী এখন প্রতিশোধমূলক হামলা নিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছে।

Visited 7 times, 1 visit(s) today